নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, নকলের চিরকুট ও গাঁজাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে আটক হয়েছেন তিন ছাত্র। তাদের মধ্যে দুইজন বহিষ্কার হলেও গাঁজা রাখায় জেলে যেতে হয়েছে এক পরীক্ষার্থীকে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, নকলের চিরকুট ও গাঁজাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে আটক হয়েছেন তিন ছাত্র। তাদের মধ্যে দুইজন বহিষ্কার হলেও গাঁজা রাখায় জেলে যেতে হয়েছে এক পরীক্ষার্থীকে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের হল পরিদর্শনকালে এসব ঘটনা ঘটে। কারাগারে যাওয়া অভিযুক্ত এইচএসসি পরীক্ষার্থীর নাম শ্রাবণ সরকার।জানা গেছে, বৃহস্পতিবার রূপগঞ্জে ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালে শ্রাবণ সরকারের কাছে গাঁজা পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার ও শিক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় পরীক্ষা কেন্দ্রে নকল ও মুঠোফোন নিয়ে প্রবেশের অপরাধে আরো দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
ভুলতা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, এইচএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলছিল। এ সময় আড়াইহাজারের পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের পরীক্ষার্থী শ্রাবণ সরকার মাদকসহ হলে প্রবেশ করেন। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। একই কলেজের পরীক্ষার্থী সাইদ ও সলিমদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তূর্য্যকে নকলের দায়ে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষার হলে মাদকসহ প্রবেশ করায় একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে নকলের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।